ইউটিউবে আসছে সময়ভিত্তিক মন্তব্য দেখার সুযোগ

১ মে, ২০২১ ০১:২১  
আপনি যদি সাউন্ডক্লাউড ব্যবহার করে থাকেন তাহলে বিষয়টি আপনার নজরে এসেছে। সাউন্ডক্লাউডে একটি অডিও শোনার সময় একটি নির্দিষ্ট অংশে করা মন্তব্য ঐসময়ে দেখা যায়। ফলে একটি নির্দিষ্ট অংশ সম্পর্কে ব্যবহারকারীরা কী মন্তব্য করেছে সেটি জানা যায়। একই ফিচার আসছে ইউটিউবেও। ইতিমধ্যেই নতুন ফিচারটির পরীক্ষা চালাচ্ছে ইউটিউব। খবর এনগ্যাজেট। অ্যান্ড্রয়েড পুলিশ জানিয়েছে, ইউটিউবের ফিচারটি সাউন্ডক্লাউডের মতোই। ব্যবহারকারীরা একটি ভিডিওর নির্দিষ্ট অংশে করা মন্তব্য ভিডিও চলাকালীন ঐ নির্দিষ্ট সময়ে দেখতে পাবেন। একটি ইউটিউব লাইভ ভিডিওর স্ট্রিমিং শেষ হওয়ার পর সেটি দেখার সময় যেভাবে চ্যাট সেকশনটি দেখা যায় নতুন ফিচারটি অনেকটা সেরকম হবে। এর মাধ্যমে একটি ভিডিওর আলোচিত বা সমালোচিত অংশ সহজেই খুঁজে পাওয়া যাবে এবং সেখানে কী মন্তব্য করা হয়েছে সেটি দেখা যাবে। যেহেতু ফিচারটি পরীক্ষামূলক সংস্করণে রয়েছে তাই এটি শুধুমাত্র কয়েকটি ভিডিও এবং স্বল্পসংখ্যক ব্যবহারকারীর কাছে উন্মুক্ত করা হয়েছে। তবে ঠিক কবে নাগাদ ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে সেটি জানা যায়নি। ডিবিটেক/বিএমটি